কুমিল্লায় এক ট্রেনের ইঞ্জিন বিকল অন্যটির বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২২:২৯
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের কাছে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপলাইনে আটকা পড়ে।
সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে ট্রেনটির চার বগি লাইনচ্যুত হয় বলে জানান তিনি।
রেলওয়ে সূত্র জানায়, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পরই উদ্ধার কাজ শুরু হবে।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক আরও জানান, চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন পাঠানো হয়েছে। পাশাপাশি মেঘনা এক্সপ্রেসের চারটি লাইনচ্যুত বগি ঘটনাস্থলে রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসা হচ্ছে। এসব কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
