ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি

পুলিশ পরিচয়ে  যুবককে তুলে নিয়ে  মুক্তিপণ দাবি
×

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা 

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজীতে কামরুল ইসলাম নামে এক দিনমজুরকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা তাঁর কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কামরুল ইসলাম বাদী হয়ে উপজেলার সাতবাড়িয়া এলাকার মেহেদী, ফরহাদ, অন্তরসহ ৬-৭ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কামরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ফেনীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে সোনাগাজী উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্থানীয় সন্ত্রাসী মেহেদী, ফরহাদ ও অন্তরের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ পরিচয়ে তাঁকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে আরেকটি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁকে পাইপ দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের আঙুলে জখমসহ নির্যাতন চালানো হয়। 

কামরুল ইসলাম বলেন, অপহরণের পর সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তিনি তাঁর ছোট ভাইকে ফোন করে টাকা নিয়ে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে আসতে বলেন। অপহরণকারীরাও টাকা নিতে তাঁকে নিয়ে ওই ভবনের ছাদে অবস্থান নেয়। এ সময় অপহরণকারীরা তাঁর ভাইকে খুঁজতে ভবনের নিচে নামলে সুযোগ পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, একই চক্র এর আগেও মেহেরাজ নামে আরেক প্রবাসী যুবককে একই কায়দায় নির্যাতন করে মুক্তিপণ আদায় করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

আরও পড়ুন

×