চাঁদপুরে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ
ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৬:০০
চাঁদপুরের হাজীগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ। বৃহস্পতিবার বেলা একটা থেকে তিনটা পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হান্নান বলেন, ‘যে কমিটি করা হয়েছে, টাকাপয়সা খেয়ে করা হয়েছে। আমরা এই কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবি জানাই।’
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, ‘যার নেতৃত্বে আন্দোলন হয়েছে, তিনি প্রবাসে থাকেন বলে আমরা জেনেছি। আমরা ৫ আগস্টের আগে ও পরে আন্দোলনে সক্রিয় ত্যাগী নেতাকর্মীদের নিয়েই কমিটি করেছি। তারপরও বিষয়টি দলীয়ভাবে আলোচনা করা হবে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আন্দোলনকারীরা বেলা একটার দিকে হাজীগঞ্জ বাজারে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত সোমবার চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটোয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমানের যৌথ স্বাক্ষরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
- বিষয় :
- চাঁদপুর
- ছাত্রদলের কমিটি
- বিক্ষোভ
