কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:২৮
| প্রিন্ট সংস্করণ
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে তাঁকে আটক করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন। মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ কর্মকর্তা এ আর এম মামুন জানান, একটি জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক লোক একটি কুকুরের গলায় রশি বেঁধে রশির অন্য প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশের দৃষ্টিগোচর হলে অভিযান চালিয়ে ভিডিওতে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে।
সদর থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালে অ্যানিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামে ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- কুকুর