ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিলবোর্ড দৃশ্যমান করতে সড়ক বিভাজকের গাছ কেটে সাবাড়

বিলবোর্ড দৃশ্যমান করতে সড়ক বিভাজকের গাছ কেটে সাবাড়
×

বিলবোর্ড দৃশ্যমান করতে কাটা হয়েছে সড়ক বিভাজকের গাছ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় সমকাল

 কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:২৯

| প্রিন্ট সংস্করণ

বিলবোর্ড দৃশ্যমান করতে অনুমতি ছাড়াই সড়ক বিভাজকের বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা অঞ্চলের কার্য সহকারী মোবারক হোসেন ভূঁইয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন।

জানা গেছে, দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি চার লেনে উন্নীত করার সময় বিভাজক সৃষ্টি করা হয়। রাতে চালকদের গাড়ি চলাচলের সুবিধার্থে সড়ক বিভাজকের মধ্যে হৈমন্তী, কুর্চি, টগর, রাঁধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, কেসিয়া ও জারুল গাছ রোপণ করে সওজ বিভাগ। গাছগুলো গত কয়েক বছরে অনেক বড় হয়। এতে রাতে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা গাড়িগুলোর হেডলাইট অপরদিক থেকে আসা গাড়ির চালকের চোখে পড়ে না। যার ফলে সড়ক দুর্ঘটনার হার অনেক কমেছে। সড়ক বিভাজকের মাঝখানের গাছগুলোর ঢালপালা ও সিজনে ফুটন্ত ফুল মহাসড়কের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার দুপুরে সামুকসার এলাকায় গিয়ে দেখা গেছে, একদল দুর্বৃত্ত সড়ক বিভাজকের  ২৫টিরও অধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে। সামুকসার এলাকায় শাহনেওয়াজ ব্রিকস্‌ ফিল্ডের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে ক্রাউন সিমেন্টের একটি বিশাল বিলবোর্ড রয়েছে। সড়ক বিভাজকের গাছগুলোর ঢালপালার কারণে চট্টগ্রামমুখী লেনের গাড়িগুলো চলাচল করার সময় বিলবোর্ডটি দেখা যায় না। যার কারণে বিলবোর্ডটি দৃশ্যমান করতে সড়ক বিভাজকে থাকা গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ঢাকামুখী লেনের শাহনেওয়াজ ব্রিকস্‌ ফিল্ডের পাশে বিলবোর্ড রয়েছে। সড়ক বিভাজকের গাছগুলো বড় হয়ে যাওয়ায় যাতায়াতের সময় বিলবোর্ডটি চোখে পড়ে না। স্থানীয় রুবেল নামে এক ব্যক্তি বিলবোর্ডটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তিনি শ্রমিক রেখে সম্প্রতি সড়ক বিভাজকের গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে গেছেন।
গাছগুলো কেটে নেওয়া শ্রমিক মো. জাফর বলেন, ‘আমি রুবেল নামে এক ব্যক্তির নির্দেশে ৮০০ টাকা মজুরিতে গাছগুলো কেটে তাঁর বাড়িতে দিয়ে আসি।’ গাছগুলো কেন কাটা হলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাইনবোর্ড (বিলবোর্ড) দেখা যাওয়ার জন্য গাছগুলো কাটা হয়েছে।’

সড়ক বিভাজকের গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ কুমিল্লা অঞ্চলের কার্য সহকারী মোবারক হোসেন ভূঁইয়ার ভাষ্য, সড়ক বিভাজকের মাঝখানে থাকা বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কেটে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছেন।
চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোছাইন সমকালকে বলেন, চৌদ্দগ্রামের সামুকসার এলাকায় সড়ক বিভাজকের গাছ কাটার ঘটনায় সওজ কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

আরও পড়ুন

×