ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০১:৫৪

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

শুক্রবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস টহলদল গদখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন বিজিবিকে জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। এরপর যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়েরের মাধ্যমে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় স্বর্ণসহ এই পাচারকারীকে আটক করা হয়েছে। 

সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

আরও পড়ুন

×