নওগাঁর আমের বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু
ছবি: সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৪:৪৭
আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর সাপাহারের সুস্বাদু আম এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বাজারে। শুক্রবার (২৬ জুন) গ্রামীণ কৃষক অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান তাদের ‘গোল্ডেন ব্যাংগল ম্যাংগো’ ব্র্যান্ডের অধীনে প্রাথমিকভাবে এক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রের বার্কিং শহরে রপ্তানি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি নওগাঁর আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ কৃষক অ্যাগ্রো জানায়, আন্তর্জাতিক রপ্তানি মান বজায় রাখতে প্রতিটি আম প্রথমে ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। পরে স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক পদ্ধতিতে প্যাকেজিং সম্পন্ন করা হয়। সবশেষে বাংলাদেশ উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পরিদর্শন সংস্থার অনুমোদনের পর চালানটি রপ্তানির জন্য প্রস্তুত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট ১০ মেট্রিক টন আম রপ্তানি করা হবে। পাশাপাশি জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি দেশে আম পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।
গ্রামীণ কৃষক এগ্রোর স্বত্বাধিকারী আহমদ আলী বলেন, এটি শুধু একটি আমের চালান নয়; বাংলাদেশের কৃষকের পরিশ্রম, সম্ভাবনা ও বিশ্ববাজারে আমাদের সক্ষমতার প্রতীক। আমাদের লক্ষ্য শুধু আম বিক্রি নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলার খাঁটি স্বাদ ও আস্থার পরিচয় পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি, নওগাঁর আমের অনন্য স্বাদ বিদেশি ভোক্তাদেরও আকৃষ্ট করবে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন, কৃষি বিভাগ নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দিয়ে আসছে। বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় এক হাজার ১০০ মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের আবাদ থেকে উৎপাদিত হয়েছিল প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম।
দেশের সর্ববৃহৎ আম উৎপাদনকারী জেলা হিসেবে নওগাঁ ইতোমধ্যেই অভ্যন্তরীণ বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এবার আন্তর্জাতিক বাজারেও জেলার আমের চাহিদা বাড়তে শুরু করায় কৃষক ও রপ্তানিকারকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- আম রপ্তানি
