গারো পাহাড়ে ভারতীয় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
জয়নাল মিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ছবি: সমকাল
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:১৯ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৬:২২
জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে ভারতীয় বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে জয়নাল মিয়া (৬২) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে গারো পাহাড়ের সোমনাথ পাড়া ১০৮৮ পিলার সংলগ্ন এলাকায় হাতির আক্রমণে মারা যান বলে জানা গেছে। আজ শনিবার সকালে বনবিভাগের লোকজন তার লাশ উদ্ধার করে।
মৃত জয়নাল মিয়া বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃর্ধাপড়া গ্রামের মৃত অনিক মন্ডলের ছেলে। পেশায় তিনি কাঠ শ্রমিক।
জানা গেছে, জয়নাল মিয়া গতকাল শুক্রবার সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গারো পাহাড়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। সকালে বনবিভাগের লোকজন তার লাশ পেয়ে পরিবারকে খবর দেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, জয়নাল দরিদ্র মানুষ। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে মারা গেছে। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগিতা করা হবে।
বনবিভাগের বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার সকালে বনবিভাগের লোকজন সোমনাথ পাড়া এলাকা থেকে জয়নাল মিয়ার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাত ৯টার দিকে বন্যহাতির আক্রমণে তিনি মারা যান। তার শরীরে বিভিন্ন জায়গায় হাতির পায়ের আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, হাতির আক্রমণে নিহত জয়নাল মিয়ার মৃত্যু হয়েছে। পরিবার আবেদন করলে সরকারিভাবে সহায়তা করা হবে।
