ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

শ্রীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

শ্রীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
×

ব্যানার নিয়ে মিছিল করেন নিষিদ্ধ যুবলীগের কয়েকজন কর্মী। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:২৮ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৬:৩৮

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল থেকে ফেসবুকে ২৯ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার হাতে নিয়ে ২০-২৫ জন ব্যক্তি মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। ব্যানারে শ্রীপুর পৌর যুবলীগের সহসভাপতি মহসিন আহমেদের নাম ও ছবি দেখা যায়।

ভিডিওর দৃশ্যপট বিশ্লেষণ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলটি শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ওয়েলডান মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলের সময় আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং সড়কে মানুষের উপস্থিতিও ছিল কম।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের পর কয়েকজনকে ওই এলাকায় মিছিল করতে দেখা যায়। মিছিলটি অল্প সময় স্থায়ী হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যানারে থাকা মহসিন আহমেদ শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×