পটিয়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:৩৭
চট্টগ্রামের পটিয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নুর নাহার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক নারী। শনিবার দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার বাহুলী শ্রীমাই ব্রিজসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগম (৬০) একই গ্রামের সমিউদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় নুর নাহারের মৃত্যু হয়। আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা এস এম রেজা রিপন বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই নারীকে উদ্ধার করেন। নুর নাহার ঘটনাস্থলেই মারা যান। আহত রাশেদা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, রাশেদা বেগমের মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং রক্ত জমাট বেঁধেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন নারী নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত নারীর চিকিৎসা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- ট্রেনে কেটে মৃত্যু
- নিহত
