২০৩০ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে চাই—পাগলা মসজিদের দানবক্সে চিঠি
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:৪২ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৬:৪৫
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবারই বিপুল পরিমাণ টাকার সঙ্গে বিভিন্ন মানুষের নানা রকম ইচ্ছে পূরণের আশায় লেখা বিপুল পরিমাণ চিঠি বা চিরকুটও পাওয়া যায়। এবার এমনই একটি চিঠিতে একজন ভক্ত লিখেছেন, তিনি চান বাংলাদেশ ফুটবল দল যেন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা পায়।
পরিচয় গোপন রেখে ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমাদের প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মাঠে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলকে উন্নত করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন......।’
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন নিজ হাতে ১৩টি দানবাক্সের সিলগালা খুলে দেন। এরপর ৪৩টি বস্তায় ভরে সমুদয় টাকা মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনা করা হচ্ছে। টাকার পাশাপাশি পাওয়া গেছে সোনা-রূপার অলংকার, বেশ কিছু বিদেশি মুদ্রা এবং ইচ্ছে পূরণের আকুতি লেখা প্রচুর চিরকুটও। সেখানেই পাওয়া যায় স্বপ্নবাজ ওই ব্যক্তির চিঠিটি।
অবশ্য বেলা ১২টা পর্যন্ত টাকা গণনা করে ১০ কোটি টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী। এসব টাকা গণনার পর রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। অবশিষ্ট টাকা গণনা চলছে।
এর আগে সর্বশেষ গত বছর ২৭ ডিসেম্বর খোলা হয়েছিল ১৩টি দানবাক্স। তখন ৩৫ বস্তা টাকা গণনা করে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।
