ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ধূমপানে নিষেধ করায় ‘হেলমেট বাহিনীর’ গুলিবর্ষণ, আহত ৬

ধূমপানে নিষেধ করায় ‘হেলমেট বাহিনীর’ গুলিবর্ষণ, আহত ৬
×

ম্যাপ

নোয়াখালী ও চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:১৪

বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করতে নিষেধ করায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একদল ‘হেলমেট বাহিনী’ গুলি ও হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড় এলাকায় এই এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে রাতেই নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার পার্শ্ববর্তী দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রেদোয়ান (২০) ও রাশেদ (২২)-সহ কয়েকজন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে এসে স্থানীয় বয়স্কদের সামনে প্রকাশ্যেই ধূমপান করছিলেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন তাদের সেখানে ধূমপান করতে নিষেধ করেন। এত বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে, দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা স্থান ত্যাগ করেন। 

ওই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে অভিযুক্তদের নেতৃত্বে ৫ থেকে ৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৮-১০ জন যুবক নোয়াগাঁও চৌরাস্তার মোড়ে আসে। তারা মোটরসাইকেল থেকে নেমেই উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মুহূর্তের মধ্যে ১০-১২ জন আহত হন। হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে নিরাপদে পালিয়ে দেওটি ইউনিয়নের দিকে চলে যায়।  

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স কামাল হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সোনাইমুড়ী উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আশিক (২২) ও নাঈম (১৯) নামের দুই যুবককে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। এদের মধ্যে আশিকের পিঠে ও শরীরে অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয়েছে। অপর আহত যুবক নাঈম হাসানের (১৯) পায়ের হাঁটুতে সরাসরি বুলেট বিদ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গুলির ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে বেশ কয়েকটি বুলেটের খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

×