হাতীবান্ধায় আসামির দায়ের কোপে আহত দুই পুলিশ সদস্য
আহত পুলিশ সদস্য। ছবি- সমকাল
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৭:৪৯
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।
পুলিশ জানায়, গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম চুরিসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে রাশেদুল ধারালো দা দিয়ে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
পুলিশের দাবি, এ সময় রাশেদুলের পরিবারের সদস্যরাও পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই সদস্যকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আহত এএসআই আব্দুল লতিফ বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, অভিযুক্ত রাশেদুল ইসলামের ভাইকে শনিবার সকালে আটক করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
