ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
×

ছবি: সমকাল

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:০৬ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৮:০৮

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় টিনের চাল কেটে ঘরে ঢুকে কাজল আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল আক্তার (৩০) ওই বাড়ির কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ, নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। মাথায় আঘাতের চিহ্নসহ তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে শনিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কাজল তিন সন্তানের মা বলে জানা গেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ফুলগাজীর আমজাদহাটে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

আরও পড়ুন

×