চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:১২ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৮:২৪
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সামির ও সজীবকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও পাঁচ রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- অস্ত্রসহ গ্রেপ্তার
- যুবক গ্রেপ্তার
