পাগলা মসজিদে পাওয়া গেছে ১৪ কোটি ৭০ লাখ টাকা, এখনও গণনা চলছে
মসজিদের দ্বিতীয় তলায় চার শতাধিক লোক টাকা গণণা শুরু করে। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২০:২৬ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ২০:২৮
কিশোরগঞ্জ শহরের ঐহিত্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্সের ৪৩ বস্তা টাকা গণনা চলছে। আজ শনিবার বিকেল ৫টা নাগাদ রূপালী ব্যাংকের হিসাবে ১৪ কোটি ৭০ লাখ টাকা জমা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী। এখন ছোট নোটগুলো গণনা করা হচ্ছে। রাত ৯টা নাগাদ গণনা শেষ হতে পারে বলে তিনি ধারণা দিয়েছেন।
আজ সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন নিজ হাতে ১৩টি দানবাক্সের সিলগালা খুলে দেন। এরপর ৪৩টি বস্তায় ভরে সমুদয় টাকা মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে চার শতাধিক জনবল দিয়ে গণণা শুরু করা হয়। আজকের টাকার পরিমাণ ইতোমধ্যে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।
এর আগে, সর্বশেষ গত বছর ২৭ ডিসেম্বর খোলা হয়েছিল ১৩টি দানবাক্স। তখন ৩৫ বস্তা টাকা গণনা করে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, আজকের টাকা ছাড়াই ব্যাংকে জমা আছে ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পাগলা মসজিদ
- দানবক্স
