ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের এক হাজার গাছের চারা রোপণ

কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের এক হাজার গাছের চারা রোপণ
×

ছবি- সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২০:৫০

পরিবেশ সংরক্ষণে ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’। সংগঠনটির উদ্যোগে কক্সবাজারে এক হাজার দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে কক্সবাজারের গোল চত্বর মাঠে একটি স্মারক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় সহযোগী হিসেবে ছিল আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজার এবং সার্বিক সহযোগিতা করে চন্দ্রকলি ফাউন্ডেশন।

পরে শতাধিক ফুটবল সমর্থকের মধ্যে জনপ্রতি সর্বোচ্চ ১০টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, নারকেল, বেল, আমলকী, নিম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, অর্জুন, বহেরা, মহুয়াসহ প্রায় ৩০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যানস ফর নেচারের প্রতিষ্ঠাতা ও চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজারের সংগঠক এহসান আল কতুবি, মোরশেদ আলম, অনিক, রবিন, আহসান সুমন, ফারুক, ইনজামামসহ চন্দ্রকলি ফাউন্ডেশনের উপদেষ্টা, পরিবেশপ্রেমী এবং অসংখ্য ফুটবল সমর্থক।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণদের উচ্ছ্বাসকে পরিবেশ সংরক্ষণের ইতিবাচক উদ্যোগে যুক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই খেলার প্রতি ভালোবাসাকে প্রকৃতির প্রতি দায়িত্ববোধে রূপান্তর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা জানান, দেশব্যাপী চলমান কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিভিন্ন জেলায় চার হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর আগামী দুই বছর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যানস ফর নেচারের প্রতিষ্ঠাতা শাখাওয়াত উল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ শিরোপা জিতলে দেশজুড়ে আরও ৪০ হাজার গাছের চারা রোপণ করবে সংগঠনটি।

আরও পড়ুন

×