কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০১:১৭
নরসিংদীতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম ও নাগরিয়াকান্দী এলাকার হারুনূর রশিদের ছেলে রমজান আলী।
পুলিশ জানায়, নরসিংদীর নাগরিয়াকান্দী সেতুর ওপর থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আসামি রমজান আলীকে নাগরিয়াকান্দী ও শাহিনারাকে ইউএমসি জুট মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ জুন কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
নরসিংদী সদর থানার ওসি এআরএম আল-মামুন জানান, কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় আগে একজন ও গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দী সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
- বিষয় :
- কুকুর
- ভিডিও ভাইরাল
- গ্রেপ্তার
- নরসিংদী
