ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

হাওরে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে নৌকা উপহার

হাওরে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে নৌকা উপহার
×

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে উপহারের নৌকা হস্তান্তর করা হয় সমকাল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুরের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে নৌকা। বর্ষা মৌসুমে নিরাপদে যাতায়াতে নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই নৌকাটি দেওয়া হয়।
দীর্ঘ সময় ধরে হাওরের দুর্গম অঞ্চলে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে খুদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এতে প্রতি মৌসুমে শুধু প্রাথমিক পর্যায় থেকেই ঝরে পড়ে সহস্রাধিক শিক্ষার্থী। এই পরিস্থিতিকে শিক্ষার প্রধান বাধা বিবেচনা করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ওই নৌকাটি উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ’৮৮ ব্যাচের শিক্ষার্থী জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকীম, মামনুন আহমেদ ও সামসুদ্দীন আহমেদ বাবলুর অর্থায়নে এই নৌকাটি দেওয়া হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নৌকাটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, ১৯৮৯ সালে টাঙ্গুয়ার হাওরপারের নবাবপুর গ্রামে আন্তরপুর নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪৬ জন শিক্ষার্থীর বিপরীতে ৩ জন শিক্ষক কর্মরত আছেন। এখানে আন্তরপুর, নবাবপুর ও রাজেন্দ্রপুর–এই তিন গ্রামের শিশুরা পড়াশোনা করে। 
তবে প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও হাওরের পানিতে নবাবপুর গ্রামের সঙ্গে আন্তরপুর ও রাজেন্দ্রপুরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে 
ওই দুই গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী পড়ালেখাই ছেড়ে দেয়। তাদের কেউ কেউ সাঁতরে বিদ্যালয়ে আসে।
নৌকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ভূমিদাতা মো. আব্দুস সাত্তার, আলী উসমান বাদল, দাতা সদস্য জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকীম প্রমুখ।

আরও পড়ুন

×