অবশেষে মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
বাগেরহাটের মোংলা নদীতে চালু হয়েছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস। গতকাল শনিবার উদ্বোধনের পর যানবাহন পারাপার শুরু হয় সমকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
দীর্ঘ অপেক্ষা শেষে বাগেরহাটের মোংলা নদীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। দুটি ফেরি ২৪ ঘণ্টা চলাচলের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০০৩ সালে মোংলা নদীতে ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। এতে দিন-রাতে শুধু জোয়ারের সময় সীমিত আকারে চলাচল করে আসছিল ফেরি। দীর্ঘদিন ধরে নদীর দুই পারের মানুষ ২৪ ঘণ্টার জন্য ফেরি চালু রাখার দাবি জানিয়ে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেই দাবি বাস্তবায়নের ফলে মোংলা বন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), শিল্পাঞ্চল ও আশপাশের উপজেলাগুলোর হাজার হাজার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি কৃষি ও শিল্পপণ্য পরিবহনে নতুন গতি সঞ্চার হবে।
গতকাল সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড-সংলগ্ন ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, ‘ঘাটে অবশ্যই ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ভাড়ার তালিকা না থাকলে কেউ ভাড়া দেবেন না। কারণ, আমরা সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও গতিশীল হবে। ফলে ফেরি সার্ভিসটি অর্থনৈতিকভাবেও লাভজনক হয়ে উঠবে। ভবিষ্যতে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি প্রমুখ।
- বিষয় :
- ফেরি
