কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা করায় পরিবারে হামলা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাকিব উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৫ জুনের এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। তারা জানিয়েছেন, মামলা করায় ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছে। ২ জুন হাতিয়ায় গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। এর পর ৫ জুন বিকেলে মেয়েটি তার এক খালাতো বোনকে নিয়ে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সাকিব জোর করে তাকে মোটরসাইকেলে তুলে নেয়। মেয়েটি সাকিবদের নিকটাত্মীয়।
অভিযোগপত্রে বলা হয়, নির্জন স্থানে নিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে সাকিব। ভুক্তভোগীর সঙ্গে থাকা মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এর পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভুক্তভোগীর সন্ধান পাননি। পরে তাকে সাকিবের বাড়িতে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর তিনি অভিযুক্তের পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে হাতিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এদিকে মামলার পর থেকেই অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের।
হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় একটি এবং পরবর্তী সময়ে হামলার ঘটনায় আরেকটি মামলা নেওয়া হয়েছে।
- বিষয় :
- ধর্ষণের অভিযোগ
