ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বুথের টাকা নিয়ে প্রেমিকার এলাকায় পালান নিরাপত্তাকর্মী

বুথের টাকা নিয়ে প্রেমিকার এলাকায় পালান নিরাপত্তাকর্মী
×

ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২১:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কালেকশন বুথের প্রায় ১৭ লাখ টাকা চুরির ঘটনায় নিরাপত্তাকর্মী মোহাম্মদ আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় আইয়ুবের প্রেমিকার বাড়ি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চকবাজার শাখার অধীনে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে পরিচালিত এজেন্ট ব্যাংকিং/কালেকশন বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন আইয়ুব আলী ও মুঈনুল ইসলাম। গত ২৪ জুন দুপুরে আইয়ুব আলী বুথে থাকা গ্রাহকের জমা দেওয়া ১৭ লাখ টাকা ব্যাগে ভরে পালিয়ে যান। এ সময় তিনি কৌশলে সিসিটিভিও ফাঁকি দেন। 

এ ঘটনায় ব্যাংকের চকবাজার শাখার নিরাপত্তাকর্মী মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানায় সেদিনই মামলা করেন। পুলিশ জানায়, শুরুতেই আইয়ুবকে ধরতে কক্সবাজারে চকরিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পরিবারের সদস্যরা জানান, গত চার বছর ধরে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। এমনকি সন্তানদের ভরণপোষণও করেন না। পরে আইয়ুবের প্রেমিকার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে রংপুরে তাঁর অবস্থান নিশ্চিত হয় পুলিশ। গত শনিবার সেখানকার একটি বাস কাউন্টার থেকে ব্যাগসহ তাঁকে আটক করা হয়। এ সময় আইয়ুবের কাছে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা পাওয়া যায়। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, সীতাকুণ্ড থানায় আনার পর গতকাল রোববার সকালে আসামিকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×