মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম প্রয়াণ দিবস আজ
মাইকেল মধুসূদন দত্ত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০১:৫৮
বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কালজয়ী সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। ১৮৫৩ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করায় তাঁর নামের সঙ্গে মাইকেল যুক্ত হয়। তাঁর কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে পদ্মাবতী ও কৃষ্ণকুমারী নাটক, একেই বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ প্রহসন এবং ব্রজাঙ্গনাকাব্য, বীরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী অন্যতম।
মহাকবির প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে আজ মধুসূদন একাডেমির উদ্যোগে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন ও ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
- বিষয় :
- মাইকেল মধুসূদন দত্ত
