ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
×

কচুয়ায় বৃদ্ধাকে হত্যায় স্বজনদের আহাজারি

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৩:৫৬

চাঁদপুরের কচুয়ায় একটি বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। সোমবার ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির সময় ফাতেমা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা, থুতনি ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘরে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজের আগে বড় ছেলের স্ত্রী ফাতেমা বেগমকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। পরে পরিবারের অন্য সদস্যদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান।

নিহতের জামাতা মিজানুর রহমান বলেন, আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটিকে এভাবে হারাতে হবে কখনো ভাবিনি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×