ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

চিকিৎসা শেষে ফের মুন্সীগঞ্জ জেলা কারাগারে দীপু মনি

চিকিৎসা শেষে ফের মুন্সীগঞ্জ জেলা কারাগারে দীপু মনি
×

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ফাইল চ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২২:৩৬

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। সোমবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে দুপুরে তাঁকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি কিডনি, থাইরয়েড ও অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন। গত রোববার রাত থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। সোমবার ভোরে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে পাঠানো হলে ভর্তি করতে হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়। দুপুর ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে গ্রেপ্তার হন দীপু মনি। 
 

আরও পড়ুন

×