ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

কারামুক্ত হলেন বগুড়ার চিকিৎসক নেতা মিশু

কারামুক্ত হলেন বগুড়ার চিকিৎসক নেতা মিশু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার বগুড়ার চিকিৎসক নেতা ডা. সামির হোসেন মিশু কারামুক্ত হয়েছেন। গত রোববার আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল সোমবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি। 

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি। অতীতে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর তাঁকে বাগেরহাট ম্যাটসে প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ। পরে বগুড়া সদর থানায় হওয়া গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন তখন জানিয়েছিলেন, কিছু বিএনপির সমর্থক রেস্তোরাঁর সামনে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ তাঁকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। পরে তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
বগুড়ায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত ডা. সামির হোসেন মিশু স্থানীয়ভাবে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। তাঁর আইনজীবী তানজীম আল মিজবাহ বলেন, গত রোববার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তাঁর জামিন মঞ্জুর করেন। গতকাল সোমবার তিনি কারাগার থেকে মুক্ত হন।

আরও পড়ুন

×