সড়কে ডিম ভেঙে ন্যায্যমূল্যের দাবি খামারিদের
ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবিতে গতকাল সোমবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে মানববন্ধন করেন ঢাকার ধামরাইয়ের খামারিরা সমকাল
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। এ সময় তারা সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান। গতকাল সোমবার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ফিড ও ওষুধের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় ডিম ও মুরগির দাম আমরা পাচ্ছি না। করপোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা ধ্বংসের দ্বারে দাঁড়িয়েছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছি।
সমিতির সাধারণ সম্পাদক খোকন আহমেদ বলেন, সরকার যদি পোল্ট্রি ফিডের দাম না কমায় এবং ডিম-মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত না করে, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। খামারি সুজন মাহমুদ বলেন, প্রান্তিক খামারিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। লোকসান গুনতে গুনতে অনেকে খামার বন্ধ করে দিয়েছেন।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম। তারা সুষ্ঠুভাবে কর্মসূচি শেষ করে মহাসড়ক থেকে সরে যান।
- বিষয় :
- মানবন্ধন
