আর্থিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: রূপগঞ্জের ইউএনও
মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইউএনও সাইফুল ইসলাম জয়। ছবি-সংগৃহীত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৯:২৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা ও অর্থ দাবি প্রত্যাখ্যান করায় ওই অপপ্রচার চালানো হয় বলে উল্লেখ করেছেন ইউএনও।
মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় এই অভিযোগ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউএনও বলেন, ‘অপরাধ বিচিত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয়ে শাহিন হোসেন নামে এক ব্যক্তি প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের তিনটি টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন। সেই দাবি প্রত্যাখ্যান করলে পরে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়।এ বিষয়ে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠানো হয়।
ইউএনও আরও বলেন, পরে তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে জমি নিবন্ধন থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধিমালা অনুযায়ী সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও উন্নয়নমূলক বিভিন্ন কাজে ব্যয় হয়। প্রতিটি প্রকল্পের হিসাব প্রশাসনের নথিতে সংরক্ষিত থাকে এবং নিয়মিত জনসম্মুখে তা প্রকাশ করা হয়। ফলে এই অর্থ আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম নষ্ট করতে মিথ্যা সংবাদ প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা ব্ল্যাকমেইলের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে তিনি মূলধারার দায়িত্বশীল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, রূপগঞ্জে দায়িত্ব গ্রহণের পর তিনি মাদক, অবৈধ বালু উত্তোলন, সরকারি জমি দখল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।এসব উদ্যোগে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে।
- বিষয় :
- ইউএনও
- রূপগঞ্জ
- সংবাদ সম্মেলন
- অপপ্রচার
