সাভারে কিশোরকে নির্যাতন
প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে, সহযোগী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:৫৪
ঢাকার সাভারে কিশোর রিপন দাসকে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহবুব হোসেন সামির ধরাছোঁয়ার বাইরে। তবে মানিক নামে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সাভার পৌরসভার রাজাশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে মানিককে আদালতে তোলে। ঢাকা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিপন দাসকে তুলে নিয়ে একটি অফিসে আটকে রেখে নির্যাতনের দায় স্বীকার করেন মানিক। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াহাব।
পুলিশ জানায়, মামলায় মানিকের বিরুদ্ধে রিপনকে অপহরণ, গুরুতর জখম এবং হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ আনা হয়েছে।
সাভার মডেল থানার ওসির চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মানিককে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোর রিপন দাসের নির্যাতনের ঘটনায় জড়িত অন্য আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। ওই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। পুলিশের ওই কর্মকর্তা সমকালকে জানান, রিপন দাস নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সামিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার মানিকের বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার মজলিশপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে এক রিকশাচালককে হত্যাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
