কুমিল্লা সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ম্যাপ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১২:২৯
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। বুধবার সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টার দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩নং পিলারের পাশে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে বিষয়টি অবগত করেন।
বিজিবির মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা তফাজ্জল হোসেন জানান, রোকেয়া বেগম জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি করতেন। তাঁর এক ছেলে থাকলেও তিনি মায়ের নিয়মিত দেখাশোনা করতেন না। সীমান্তবর্তী বাগান এলাকায় খোঁজ করতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা।
বিজিবি জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন ভারত সীমান্তের ১৪১৩নং পিলার সংলগ্ন এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানা পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তিনি কেন মারা গেছেন, তা জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার মরদেহের ময়নাতদন্ত করা হবে।
- বিষয় :
- সীমান্ত
- মরদেহ উদ্ধার
- কুমিল্লা
- শূন্যরেখা
