আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল
সীতাকুণ্ডে গাছ কাটার ঘটনায় সওজের মামলা, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৪:০৫ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৪:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা। এই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারদের পরিচয় পরে জানাবেন বলে উল্লেখ করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলেও পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।
ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পরপরই দুপুর ১২টা থেকে তার অনুসারী নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে।
বর্তমানে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- আসলাম চৌধুরী
- সড়ক অবরোধ
- সীতাকুণ্ড
