আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভূমিমন্ত্রী
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৬:১২
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। এ মহানগর মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এ লক্ষ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কাজ করছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আরএমপি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে থাকতে পারে, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
- বিষয় :
- ভূমিমন্ত্রী
- মিজানুর রহমান মিনু
