শ্বশুরবাড়িতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৬:১৮ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৬:৫০
পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুচিয়ামাড়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তাঁর স্ত্রী আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা (৩০) নিহত আশার ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কয়েক দিন আগে শবদুল প্রামাণিক স্ত্রীকে নিয়ে শ্বশুর আবুল হোসেন চৌকিদারের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে তাঁরা বাড়ির পাশের একটি পুকুর সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় পানি তোলার পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে হঠাৎ পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং শবদুল ও আশা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বিদ্যুতের মূল সংযোগ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে বোন ও দুলাভাইকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম মোল্লা। তাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পাবনা
- মৃত্যু
- বিদ্যুৎস্পর্শে মৃত্যু
