১৭ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় থাকা ৩ যুবক ‘উধাও’
ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৭:৫৫
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তের শূন্যরেখায় টানা ১৭ দিন অবস্থান করা তিন যুবকের কোনো সন্ধান মিলছে না। বুধবার ভোর থেকে তাদের শূন্যরেখায় দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, নাকি কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১৪ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়। পরে পরিচয় যাচাই শেষে দুই শিশুসহ ছয়জনকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবককে শূন্যরেখাতেই থেকে যেতে হয়। টানা ১৭ দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, টানা ১৭ দিন তিন যুবক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন তারা। বুধবার ভোর থেকে তাদের আর সেখানে দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবির নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে নতুন করে কোনো পুশইনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
