ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী অপু গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী অপু গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার
×

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ অপু। ছবি: সংগৃহীত

​কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৯:০২

কুমিল্লা নগরীর কাটাবি এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে।

বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বিকেলে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এসব তথ্য জানায়।

গ্রেপ্তার অপুর ​স্বীকারোক্তির ভিত্তিতে কুমিল্লার জগন্নাথপুর থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ। 

​ডিবি পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে নগরীর শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এ ঘটনার পর গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু-সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে (২২) একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এবং আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমনকে (১৯) গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে আছেন।

ডিবির একটি সূত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার পর থেকে তিনি কুমিল্লার বাইরে প্রতিদিন অবস্থান পরিবর্তন করতেন। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদের পর ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেন অপু। 

​কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×