ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:৩৯

সিলেটের বিশ্বনাথে শিশু ধর্ষণ মামলায় ১৪ বছর পর দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. জয়নাল ও কান্দিগাও গ্রামের নাজিম উদ্দিন।

ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট নূর আহমদ জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর উপজেলার কাইরঘাট গ্রাম থেকে নানার বাড়ি যাওয়ার পথে ১৩-১৪ বছরের ওই শিশুকে জয়নাল তার বাড়ি শাহবাজপুরে তুলে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর জয়নাল ও নাজিম শিশুটিকে ধর্ষণ করে। কৌশলে ঘর থেকে বেরিয়ে ওই শিশু মোবাইল ফোনে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে তার মা ও আত্মীয়রা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরদিন পুলিশের সহায়তায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই বছরের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুর পরিবার ও আইনজীবী।

আরও পড়ুন

×