বেরোবিতে আন্দোলন অব্যাহত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৮:০১ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
উপাচার্যের আশ্বাসের পরও অনাস্থা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা। তবে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় নিয়ে কর্মসূচির সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা। তারা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচির সময় কমানো হয়েছে।
এর আগে ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
আন্দোলনকারীরা জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।