ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি: ভূমি প্রতিমন্ত্রী
×

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:০৫

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটের অনেক শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছেন। নতুন শিক্ষার্থীদেরও সেই ঐতিহ্য ধরে রাখতে কঠোর অধ্যবসায়, গবেষণামনস্কতা এবং আত্মোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও ইতিবাচক মানসিকতা নিয়ে সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা থাকবে। তবে কোনো অবস্থাতেই মাদকের আশ্রয় নেওয়া যাবে না। কারণ মাদক কখনো সমস্যার সমাধান নয়, বরং এটি মানুষের মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আরও পড়ুন

×