ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
×

রংপুর অফিস

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:১৭

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা সাত বছরের একটি শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কের বড়বিল মন্থনা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চ্যাংমারি পশ্চিম মান্দ্রাইন এলাকার পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র সরকার (৬০) ও তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র সরকার (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মল চন্দ্র সরকার তার ছেলে প্রশান্ত ও সাত বছর বয়সের নাতি বন্ধন চন্দ্র সরকারকে নিয়ে একই মোটরসাইকেলযোগে বড়াইবাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বড়বিল মন্থনা জুট মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নির্মল চন্দ্র সরকার ও প্রশান্ত চন্দ্র সরকারের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশু বন্ধন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন।

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, নির্মল চন্দ্র সরকার ও তাঁর ছেলে এলাকায় সেবাপরায়ণ ও পরিচিত মানুষ ছিলেন। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×