পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী
ছবি- সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:২৩
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচ থেকে মাটি অপসারণে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ীই এ কাজ করা হচ্ছে। এ নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল। এখন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সেই মাটি অপসারণ করা হচ্ছে। এতে রেললাইন বা ভায়াডাক্টের কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না। বরং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই কাজ প্রয়োজন।
তিনি আরও বলেন, মাটি অপসারণকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। এটি প্রকল্পেরই একটি অংশ এবং প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিরাপদ।
রেলমন্ত্রী জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার এলাকায় মাটি অপসারণের কাজ শেষ হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এর ফলে প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং প্রকল্পের সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে।
তিনি বলেন, পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ ও সুরক্ষিত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী সতর্কতার সঙ্গে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- রেলমন্ত্রী
- রেল
- প্রকল্প
