ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ব্যবসায়ী মণি হত্যার ৬ মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা

ব্যবসায়ী মণি হত্যার ৬ মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা
×

ফাইল ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৫১

পলাশ উপজেলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্তী মণি হত্যার ছয় মাসেও গ্রেপ্তার হয়নি এজাহারনামীয় আসামিরা। সিসিটিভি ফুটেজে খুনিদের স্পষ্ট উপস্থিতি থাকার পরও মামলার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্বজনরা।

চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৮টার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎ চক্রবর্তী মণিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুটারের মুখটি কাপড় দিয়ে বাঁধা। মণি চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান চালানোর পাশাপাশি খননযন্ত্র ভাড়া দিতেন।

ঘটনার পর রাজেন্দ্র চৌহান রাজু, সোমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহানকে আসামি করে আদালতে মামলা করেন নিহত শরৎ চক্রবর্তীর ভাই রনি চক্রবর্তী। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, মণি হত্যার পরদিন কারও সঙ্গে কোনো পরামর্শ না করে তাঁর ভাইয়ের ব্যবসায়িক অংশীদার রাজেন্দ্র চৌহান তাঁর বাবাকে থানায় নিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করান। পরে আলামত নষ্টসহ ব্যবসায়িক হিসাব নিয়ে গড়িমসি এবং সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সন্দেহ তৈরি হলে চারজনের নামে থানায় মামলা করেন তিনি। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তদন্ত কাজের তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

নিহত শরৎ চক্রবর্তীর স্ত্রী অন্তরা মৌখার্জি বলেন, ‘সিসিটিভি ফুটেজে শুটার দেখা যাওয়ার পরও কেন তাঁকে ধরা হচ্ছে না? প্রধান আসামি হত্যার পরিকল্পনাকারী রাজেন্দ্র চৌহান রাজু প্রকাশ্যে ঘুরছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য ছয় মাস ধরে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা খুনিদের ফাঁসি চাই।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ সব ধরনের আলামত বিশ্লেষণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×