ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আধা কিলোমিটারে দুবার টোল!

আধা কিলোমিটারে দুবার টোল!
×

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ০৯:১৩

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যেতে এখন আধা কিলোমিটারের মধ্যে দুবার টোল দিতে হচ্ছে। গত বুধবার (১ জুলাই) থেকে এ নিয়ম চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে ক্ষুব্ধ পদ্মা সেতু দেখতে আসা পর্যটকরা। এ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু তাঁর কার্যালয়ে গতকাল বিকেলে এ সভার আয়োজন করেন।

সূত্র জানায়, বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের জন্য নতুনভাবে টোল নির্ধারণ করেছে। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। শিমুলিয়া ঘাটে আগে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য টোল আদায় করা হতো। এখন নতুন করে জনতার মোড় থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন প্রবেশ করলে অর্থাৎ বিআইডব্লিউটিএর সড়ক ব্যবহারের জন্যও টোল দিতে হবে। আধা কিলোমিটারের মধ্যে দুবার টোল দেওয়া নিয়ে পর্যটক ও টোল আদায়কারীদের মধ্যে প্রথম দিনেই অপ্রীতিকর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা তথ্যে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকায় জরুরি সভা ডাকেন ইউএনও। 
পদ্মা সেতুকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এখন দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটনকেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। পদ্মা সেতু দেখার পাশাপাশি ঘাট-সংলগ্ন রেস্তোরাঁয় ইলিশ মাছও খান অনেকে।

নতুন নিয়ম অনুযায়ী, শিমুলিয়া ঘাটে যেতে এখন দুই জায়গায় টোল দিতে হচ্ছে। প্রজেক্ট হিলসা বা জনতার মোড় থেকে ঘাট পর্যন্ত মাত্র আধা কিলোমিটারেরও কম রাস্তা ব্যবহারের জন্য প্রথমবার গুনতে হচ্ছে টোল। একটু ভেতরে ঢুকলেই বিআইডব্লিউটিএ পার্কিংয়ের নামে দ্বিতীয়বার দিতে হচ্ছে আরেক দফা টোল। মাত্র আধা কিলোমিটারের ব্যবধানে একই গাড়ির ওপর দুবার টোলের বোঝা চাপানো কতটা যৌক্তিক, তা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরাও।
ব্যবসায়ী ও পর্যটকদের মতে, এই অযৌক্তিক দ্বৈত টোলের কারণে শিমুলিয়া ঘাটের পর্যটন খাতে বড় ধরনের ধস নামবে। সাধারণ মানুষ বিনোদনের জন্য এসে যদি শুরুতেই এভাবে পকেট কাটার শিকার হয়, তবে তারা এই মুখী হওয়া বন্ধ করে দেবে। যার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় কয়েকশ ব্যবসায়ী ও তাদের পরিবারের ওপর।
লৌহজং উপজেলা প্রশাসনের সভায় দ্বিতীয় দফা টোলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সভায় সিদ্ধান্ত হয়, কেউ শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে প্রবেশ করতে না চাইলে তাদের কাছ থেকে জোর করে টোল আদায় করা যাবে না। 

পার্কিংয়ের বাইরে বিআইডব্লিউটিএর সড়ক ব্যবহারে কেন বাড়তি টোল দিতে হবে এ প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, এটা আমি ব্যক্তিগতভাবে বাড়াইনি, সরকার নির্ধারণ করে দিয়েছে। আমাদের কিছু করার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় ছিলেন বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, লৌহজং থানার ওসি মো. বোরহান উল ইসলাম, পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন, মাওয়া কোস্টগার্ডের পেটি অফিসার মাজহারুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, শিমুলিয়া ঘাট ইজারাদারের প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, মোতালেব খান প্রমুখ।

আরও পড়ুন

×