ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
×

সুব্রত সাহা বিকাশ

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৫:২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মাঝির তথ্যের ভিত্তিতে পর্যটনকেন্দ্র সংলগ্ন ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পর্যটনকেন্দ্রে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যান তিনি। সুব্রত সাহা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা চার বন্ধু বৃহস্পতিবার সাদাপাথর দেখতে ঢাকা থেকে সেখানে যান। পর্যটন এলাকায় গোসল করতে চার বন্ধু পানিতে নামার পর সুব্রত স্রোতের টানে তলিয়ে যান। তার সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে রুবেল মিয়া নামের এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি জানান, রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পর্যটকদের সতর্ক করা হলেও অতি উৎসাহী হয়ে অনেকে লাইফ জ্যাকেট না পরে পানিতে গোসল করতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামার অনুরোধ জানান তিনি।
 

আরও পড়ুন

×