ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২২:০৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৈতৃক বসতভিটার গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫২) একই এলাকার আলী হোসেনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আবদুর রহিম (৪২) ঘটনার পর পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, পৈতৃক সূত্রে পাওয়া বসতভিটার একটি গাছ বিক্রির উদ্দেশ্যে শুক্রবার সকালে আবদুর রহিম গাছ কাটতে শুরু করেন। এ সময় বড় ভাই নুরুল ইসলাম গাছ কাটতে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহিম ধারালো দা দিয়ে নুরুল ইসলামের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আবদুর রহিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×