জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনার সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হোপ পলিটেকনিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২২:৩৯
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ খুলনার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট। সরকারি ও বেসরকারি পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি প্রথমে জেলা এবং পরে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, প্রশস্ত ক্যাম্পাস, খেলার মাঠ, আবাসিক সুবিধা, আধুনিক ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা, সরকারি বৃত্তির পাশাপাশি নিজস্ব উপবৃত্তি তহবিল এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফল এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি) আওতায় দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও প্রথম হয়েছিল হোপ পলিটেকনিক।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল সালাম শরীফ বলেন, ‘কারিগরি শিক্ষা হাতে-কলমে শেখার শিক্ষা। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও শেখার পরিবেশ নিশ্চিত করায় ভালো ফল পাওয়া যাচ্ছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেতে যেসব মানদণ্ড পূরণ করতে হয়, সেগুলো পূরণ করেই এ অর্জন এসেছে।’
সিএসএসের শিক্ষা বিভাগের পরিচালক ডেভিড টমাস গোমেজ বলেন, ‘প্রতিষ্ঠার লক্ষ্য অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে তারা কাজ করছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ভবিষ্যতেও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কাজ অব্যাহত থাকবে।’
প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অর্জনও ভূমিকা রেখেছে। কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মহিমা বৈদ্য চলতি বছরের ডিপ্লোমা প্রকৌশল পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়েছেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন বশির শিকদার ও সামির দর্জির মতো শিক্ষার্থীরা। তাদের সাফল্যও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরে।
