বাইসাইকেল কাণ্ডে দলীয় পদ হারালেন সেই জামায়াত নেতা
ছবি: ভিডিও থেকে নেওয়া
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০১:৩০ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ০১:৩২
সরকারি বরাদ্দের সেই বাইসাইকেল কাণ্ডে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোটচাঁদপুর আল-ফালাহ ইসলামী সেন্টার মিলনায়তনে রোকন সম্মেলনের মাধ্যমে জেলা আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এই অপসারণের ঘোষণা দেন। তাঁর স্থলাভিষিক্ত করে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক আজিজুর রহমানকে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুব মিডিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম।
তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুরে কোটচাঁদপুর উপজেলা চত্বর থেকে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় সরকারি বরাদ্দের বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার মানুষের মাঝে বিতরণ করা হয়। যার মধ্যে বাইসাইকেল ছিল ২৪টি। বিতরণকৃত সেসব বাইসাইকেলের মধ্যে একটি বাইসাইকেল উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম এক মাদ্রাসাছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখান।
এরপর বাইসাইকেলটি নিজে স্বাক্ষর করে তুলে নেন ওই দিন। পরে সেই সাইকেলটি তিনি তাঁর নাতনিকে উপহার দেন। এরপরই সেই স্বাক্ষর করার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নজরে আসে। এরপর সংসদ সদস্যের নির্দেশে গত বুধবার দুপুরে সেই বাইসাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত দেন জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম।
- বিষয় :
- জামায়াত নেতা
- সরকারি বরাদ্দ
- সাইকেল
