ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণমন্ত্রী

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণমন্ত্রী
×

ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৫:৪১

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের বাচ্চাদের ও নতুন প্রজন্মকে বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই শিক্ষাটা কি ৫ আগস্টে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া?

শুক্রবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি করা হয়। সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। দেশের অভ্যুদয়ের মধ্যে যে নামটি জড়িত, সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে। দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে, যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিলেন না, জাতি যখন হতাশাগ্রস্ত, ঠিক তখনই দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন মেজর জিয়া।

এর আগে মন্ত্রী পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি রাঙ্গুনিয়া এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষণকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×