ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাংশায় সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পাংশায় সন্তানকে জিম্মি করে  গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর পাংশায় তিন বছরের সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে, রংপুরের মিঠাপুকুরে কলেজছাত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া, মৌলভীবাজারের কমলগঞ্জ, কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী ও শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর–
রাজবাড়ীর পাংশায় তিন বছরের সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভুক্তভোগী গৃহবধূ পাংশা মডেল থানায় মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ইকবাল নাচনা মুরাদপুর গ্রামের বাসিন্দা।

বাদীর অভিযোগ, এক সপ্তাহ আগে বাড়িতে ইকবাল ঘরে ঢুকে অস্ত্রসদৃশ বস্তু দিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করে। এরপর গত ১ জুলাই সকাল ১০টার দিকে আবারও তিন বছরের ছেলেকে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় ধর্ষণ করে।
রংপুরের মিঠাপুকুরে এক কলেজছাত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে রিয়াদ মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর জেলা সিআইডি ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিপক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে নিয়মিত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রিয়াদ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত বছরের শুরুর দিকে পাশের গ্রামের রিয়াদ মিয়ার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ের কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে রিয়াদ। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। কিন্তু ছেলেপক্ষ তা অমান্য করায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছাত্রীর বাবা রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার তদন্তভার পেয়ে রংপুর জেলা সিআইডি ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিম ও সাক্ষীদের জবানবন্দি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।
থানার ওসি এরশাদ আহমেদ বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে বাদী পক্ষকে হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেননি।
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের লাইনের শিরা নামক পাহাড়ি এলাকায় শুক্রবার ৯ বছর বয়সী শিশুকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মা জানান, স্থানীয় আব্দুল করিম তাঁর মেয়েকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে করিমের হাত থেকে ছুটে কিছুদূর গিয়েই মেয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোজাম্মেল হক চৌধুরী জানান, শিশুটির গলা ও মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে, গাল ও মুখ ফুলে গেছে এবং গলায় জখমের স্পষ্ট চিহ্ন রয়েছে। শিশুটি তীব্র ট্রমা ও আতঙ্কে অগোছালো কথাবার্তা বলছে।

থানার ওসি মো. মেহেদী হাসান জানান, অভিযুক্ত আব্দুল করিমকে আটকে অভিযান চলছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন শেখ ওরফে জাকার শেখকে (৬০) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। আটক জাকার শেখ আগামী পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের একজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং পোস্টার সাঁটিয়েছেন।

কোটালীপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রেয়াজুল পূর্ণবর্তী গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রবিউল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী নারী জানান, তাঁর স্বামী মাছ ধরতে সাগরে থাকায় তিনি ঘরে একা ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে গলায় ছুরি ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তাঁর প্রতিরোধের মুখে অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় একটি মোবাইল ফোন ও কিছু টাকা চুরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে বৃহস্পতিবার রাতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিশুটি বাবার জন্য সিগারেট আনতে রশিদ মিয়ার দোকানে যায়। এ সময় কর্মচারী চান মিয়া তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। বিষয়টি জানার পর এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমান অভিযান চালিয়ে রাত ১০টার দিকে চান মিয়াকে মুন্সিবাজার থেকে আটক করেন।
থানার ওসি মো. কমর উদ্দিন জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও পড়ুন

×