মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কোনও আপস নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোর অফিস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৯:১৫ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৯:১৭
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনও সদস্য হয়ে থাকে তার সঙ্গে কোনও আপস করা হবে না।
তিনি বলেছেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটি দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনও সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।
শনিবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটির একটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। তবে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।
সড়ক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলীসহ অন্যান্য নেতারা।
