ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

জাতীয় পতাকাকে বিকৃত করে ওড়ানো হচ্ছে পতাকা

জাতীয় পতাকাকে বিকৃত করে ওড়ানো হচ্ছে পতাকা
×

ছবি: সমকাল

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০০:৫৭

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। একই সময়ে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে লাগানো হচ্ছে কালেমা লেখা পতাকা। প্রথমে সাদা কাপড়ে কালো অক্ষরে কালেমা লেখা হলেও পরে জাতীয় পতাকায় কালেমা জুড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা বলছেন, এ ধরনের পতাকা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।

জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আজ শনিবারও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিকৃত জাতীয় পতাকা দেখা গেছে।

আজ শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ের বিভিন্ন ল্যাম্প পোস্ট, ফুটওভার ব্রিজ, রাস্তার পাশের ছোট দোকানে বিকৃত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। এ পতাকার এক পাশে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিরূপ। আরেক পাশের সাদা অংশ কালেমা লিখে মিলিয়ে দেওয়া হয়েছে। একই ধরনের পতাকা নারায়ণগঞ্জের বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজারের হাইওয়ের কাছাকাছি লাগানোর খবর পাওয়া গেছে।

সাইনবোর্ডের মিতালি মার্কেটের শ্রমিক জমশের আলী জানান, বিশ্বকাপ শুরুর পর এক দিন কয়েকজন মাদ্রাসাছাত্র এসে সাইনবোর্ডের সড়ক বিভাজকে লাগানো কয়েকটি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় তারা বলে এসব বিধর্মীদের পতাকা। এগুলো লাগানো যাবে না। পর দিন সকালে তারা দেখতে পান এখানে সাদা কাপড়ে কালো অক্ষরে শুধু কালেমা লেখা পতাকা লাগানো। ওই দিন কেউ এসব পতাকা সরিয়ে ফেলে। গত বুধবার রাতে মই নিয়ে এসে কয়েকজন মাদ্রাসাছাত্র এখানকার ল্যাম্প পোস্ট, ফুটওভার ব্রিজ ও বিভিন্ন উঁচু জায়গায় বিকৃত বাংলাদেশের পতাকা লাগিয়ে দেয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, বিশ্বকাপ শুরুর পর বিভিন্ন দেশের পতাকা লাগানোর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একটা শ্রেণির পোস্ট দেখা গেছে। এরপর দেখা গেল তারা কালেমার পতাকা লাগানোর প্রচার করছে। বাংলাদেশের যে কোনো আনন্দ উপলক্ষে ধর্মীয় ট্যাগ লাগিয়ে বিরোধিতা করে এই শ্রেণি। তারা পহেলা বৈশাখ দেখতে পারে না, মহররম দেখতে পারে না, শহীদ দিবসে ফুল দেওয়া, স্বাধীনতা দিবস, বিজয় দিবস দেখতে পারে না, বিশ্বকাপ তাদের শরীরে জ্বালা ধরায়, বইমেলা তাদের অসহ্য লাগে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বর্তমান সভাপতি মনি সুপান্থ জানান, জাতীয় পতাকার একটি নির্দিষ্ট নকশা আছে। তার সঙ্গে অন্য কিছু জুড়ে দেওয়া মানে এটির বিকৃতি। যারা জাতীয় পতাকা বিকৃত করেছে তারা দেশদ্রোহী। তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা দেশকে আফগানিস্তানের মতো মৌলবাদী রাস্ট্র বানাতে চায়। তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফেসবুকে পেজ খুলে এসব বিকৃত জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। কোথাও আবার ফ্রি দেওয়া হচ্ছে। ‘এক দিন কালেমার পতাকা উড়বে’ নামের একটি পেজে সাদা কাপড়ে কালো কালেমার পাশাপাশি কালো কাপড়ে সাদা কালেমার অক্ষর লেখা পতাকার ছবি দিয়ে লেখা রয়েছে ‘কারও লাগলে জানাইয়েন, কালেমার পতাকা, কমে রাখা যাবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক কাওসার আহমেদের ভাষ্য, খেলার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। শনিবার আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের মতো একটি দেশ দারুণ খেলেছে। এ ছোট দেশটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে খেলার মাধ্যমে। খেলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানুষের সেবা, প্রাণি-পাখি পালন, বাগান করা– এসব মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। যেসব লোক বিশ্বকাপ খেলার বিরোধিতা করছেন তারা দেশকে পিছিয়ে দিচ্ছেন।

গত শুক্রবার রাতে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিকৃত করার অপরাধে সাইনবোর্ডের মিতালি মার্কেট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মোহাম্মদ নিয়ামক উল্লাহ (২৫) ও শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জাতীয় পতাকাকে বিকৃত করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পতাকা নামানো ব্যাপারে সিটি করপোরেশনকে বলবেন তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, এখনও জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের কেউ বিষয়টি জানায়নি। জানালে ব্যবস্থা নেবেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব পতাকা লাগানো রয়েছে সেগুলো নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×